হামের টিকা, স্বাস্থ্যমন্ত্রী
সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।   ছবি: সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় একযোগে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে মিজলস (হাম) প্রতিষেধক টিকা প্রদান করা হচ্ছে।

রোববার (৫ এপ্রিল) বেলা সোয়া ১১টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, হামে আক্রান্ত রোগীদের ৮২ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু। তাই আমরা ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সমস্ত শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছি। তবে অসুস্থ শিশুদের এই মুহূর্তে টিকা দেওয়া হবে না। বাকি শিশুরা টিকার পাশাপাশি ভিটামিন ‘এ’ ক্যাপসুলও পাবেন। অসুস্থ শিশুদের শুধুমাত্র ভিটামিন ‘এ’ দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, প্রথম ধাপে ১৮টি জেলার ৩০টি উপজেলায় কার্যক্রম শুরু হয়েছে। বিশ্বব্যাংক ও ইউনিসেফ এই এলাকাগুলোতে হামের প্রাদুর্ভাব বেশি শনাক্ত করেছে। এরপর পর্যায়ক্রমে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি পরিচালনা করা হবে।

প্রথম ধাপে অন্তর্ভুক্ত ৩০টি উপজেলা হলো- রাজশাহীর গোদাগাড়ী; ঢাকার নবাবগঞ্জ; মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর; ঝালকাঠির নলছিটি; ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর; চাঁদপুরের হাইমচর ও সদর; বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া; নওগাঁর পোরশা; গাজীপুর সদর; নেত্রকোনার আটপাড়া; শরীয়তপুরের জাজিরা; বরগুনা সদর; মাদারীপুর সদর; কক্সবাজারের মহেশখালী ও রামু; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, ভোলাগঞ্জ ও সদর; নাটোর সদর এবং যশোর সদর।