বাংলাদেশের আকাশে ডানা মেলতে আগ্রহী রিয়াদ এয়ার, জাতীয়, রিয়াদ এয়ার, বাংলাদেশ, সৌদি, বিমান, ফ্লাইট,
রিয়াদ এয়ার।   ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিভিন্ন এয়ারপোর্ট থেকে বাংলাদেশে ফ্লাইট পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে রিয়াদ এয়ার।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া এ আগ্রহের কথা জানান।

আলোচনায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। বিশেষ করে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রী বাংলাদেশের যাত্রীদের জন্য সৌদি এয়ারলাইন্সগুলোর সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন। রাষ্ট্রদূত এয়ারলাইন্সগুলোর সেবার মান দ্রুত উন্নয়নের ব্যাপারে আশ্বাস দেন।

মন্ত্রণালয় জানায়, এ সময় রাষ্ট্রদূত সৌদি আরবের এয়ারলাইন রিয়াদ এয়ারের বাংলাদেশে স্টেশন চালু ও ফ্লাইট পরিচালনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম থেকেও ফ্লাইট পরিচালনার বিষয়ে সৌদি আরবের দৃষ্টি আকর্ষণ করেন।