বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।   ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেওয়া স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সত্যতা নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার বিকালে উপজেলার ফায়ার সার্ভিসের পাশে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল শেষে উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজের নেতৃত্বে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

যোগদানকারীরা হলেন- উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান শওক, ভোলাহাট ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলঙ্গীর রেজা, আওয়ামী লীগের কর্মী সাদিকুল ইসলাম, মোবারক আলী, মো. সাইদুল রহমান, আরিফ আলী ও এমারতসহ ৫০ জন নেতাকর্মী।

নোয়াখালীর সোনাইমুড়ীর বারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু জাহিদ স্বপনকে অপহরণের মামলায় প্রশাসনিক কর্মকর্তা (সচিব) কামরুল হাসানসহ দুই ছাত্রদল নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতের বিচারক শাকিল আহমেদ এ আদেশ দেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন- সোনাইমুড়ীর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও মিয়াপুর গ্রামের মফিজ উল্যাহর ছেলে মাসুদ রানা (৪২), বারগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ভাবিয়াপাড়া গ্রামের সুয়া মিয়ার ছেলে নুর হোসেন (৩০) এবং ওই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও কবিরহাট উপজেলার পূর্ব রাজুরগাঁও গ্রামের আবুল কালামের ছেলে কামরুল হাসান (৩২)।

শেরপুর-৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারের সময় গণভোট নিয়ে ‘বিভ্রান্তিকর’ বক্তব্য দেওয়ায় শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। এ ছাড়া একই ঘটনায় শ্রীবরদী পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুলকেও কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁর বিরুদ্ধে ‘অকথ্য ভাষায় মানহানিকর বক্তব্য দেওয়ার’ অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। এ ঘটনায় তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে ওই যুবদল নেতার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ দিয়েছেন। মঙ্গলবার বিকেলে তিনি এ অভিযোগ দেন।

সিলেট-৫ (জকিগঞ্জ, কানাইঘাট) আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুককে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সোমবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান এ নোটিশ দেন।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করেছে উপজেলা কমিটি। সোমবার রাতে কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সাধারণ সম্পাদক নিলয় হাওলাদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

টাঙ্গাইলে জাতীয় পার্টির (জিএম কাদের) বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। সোমবার দুপুরে বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তাদের বরণ করে নেন সুলতান সালাউদ্দিন টুকু।

এরমধ্যে সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আজাদ, হুগড়া ইউনিয়নের সাবেক সম্পাদক মফিজুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল লতিফ, মগড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হাসান, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি জিন্নাহ খানসহ অর্ধশতাধিক নেতাকর্মী যোগদান করেন। 

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বিএনপির সভাপতি মো. আব্দুর রউফ স্বাধীনসহ ৫ নেতার বিরুদ্ধে লেপসিয়া বাজার থেকে কোটি টাকা চাঁদাবাজি ও জলমহাল দখল করে লুটপাটের অভিযোগ উঠেছে। এ নিয়ে গত বুধবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। স্থানীয়ভাবে ওই পাঁচ নেতার গ্রুপ ‘সুপার ফাইভ বাহিনী’ নামে পরিচিত বলে জানা গেছে। অভিযোগকারীরা হলেন, জেলার খালিয়াজুরী উপজেলার বল্লী গ্রামের মো. আক্তারুজ্জামান চৌধুরী ও মোহনগঞ্জ উপজেলার কলুংকা গ্রামের জাহাঙ্গীর আলম খান। তারা দুজনই নিজেদের বিএনপির সক্রিয় কর্মী বলে দাবি করেছেন।

কক্সবাজারের টেকনাফে বিএনপির প্রার্থীর জন্য ভোট চাইতে মাঠে নেমেছেন বিতর্কিত এমপি বদির বামহাত খ্যাত টেকনাফ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি কোহিনুর আকতার। বিষয়টিকে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব ও জুলাই অভ্যুত্থানকে কলংকিত করা হচ্ছে বলে দাবী ছাত্র-জনতার। এসব চিহ্নিত দোসরদের মাঠে প্রতিহত করার ঘোষনা দিয়েছে এনসিপি। সোমবার বিকেলে পৌরসভার পুরাতন পল্লানপাড়া মহিলা আওয়ামীলীগ নেত্রী কোহিনুরের বাড়ির উঠানে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।