প্রধান উপদেষ্টা, ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।   ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় দুই ঘণ্টা সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাৎ শেষে তিনি গুলশানের উদ্দেশে যমুনা ত্যাগ করেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টা ১১ মিনিটে তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা থেকে বেরিয়ে যান।

এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হন তারেক রহমান। পাঁচ মিনিট পর তিনি বাসভবনে পৌঁছান। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসে করে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।

বিএনপি চেয়ারম্যান হিসেবে এটিই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

দীর্ঘ এই সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত বিএনপি কিংবা সরকারের প্রেস উইং থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

গত ২৫ ডিসেম্বর ১৭ বছর পর দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন তারেক রহমান। দেশে ফেরার ২১ দিন পর এবার তিনি সরাসরি প্রধান উপদেষ্টার বাসভবনে সাক্ষাৎ করতে এলেন। এর আগে গত ৩১ ডিসেম্বর প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে সাক্ষাৎ হয়েছিল।

এরও আগে গত বছরের ১৩ জুন লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দেন। সেখান থেকেই মূলত বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয়টি সামনে আসে।

এমকে/আরটিএনএন