ববি হাজ্জাজ, শহীদ ফারহান ফাইয়াজের বাবা-মা, ঢাকা-১৩ আসন, ধানের শীষ প্রতীক,
ববি হাজ্জাজ শহীদ ফারহান ফাইয়াজের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাদের অপূরণীয় ক্ষতির প্রতি গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করেন   ছবি: আরটিএনএন

ঢাকা-১৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ আজ আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। প্রচারণার প্রথম দিনেই তিনি শহীদ ফারহান ফাইয়াজের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাক্ষাৎকালে ববি হাজ্জাজ শহীদ ফারহান ফাইয়াজের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাদের অপূরণীয় ক্ষতির প্রতি গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করেন।  

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ২টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে তিনি এলাকাবাসীর সঙ্গে সরাসরি গণসংযোগে অংশ নেন।

এ সময় তিনি বলেন, ফারহানের আব্বা ও আম্মার সঙ্গে যা ঘটেছে, সেই অপূরণীয় কষ্ট আমরা কখনোই পূরণ করতে পারব না। ইনশাআল্লাহ, যদি আমরা বিজয়ী হতে পারি, তবে ফারহানের ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ যা প্রয়োজন, তার জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করব। ফারহান এবং ফারহানের মতো যারা জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন, পুরো জাতি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে।

ববি হাজ্জাজ আরও বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সমর্থনই তার রাজনৈতিক পথচলার প্রধান শক্তি। শহীদদের আত্মত্যাগ ও আদর্শই তার রাজনীতির প্রেরণা। ন্যায়বিচার, মানবিকতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি জনগণের সমর্থন ও দোয়া কামনা করেন। 

গণসংযোগকালে ববি হাজ্জাজ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের অভাব-অভিযোগ ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি ন্যায়বিচার, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এলাকাবাসীর উষ্ণ সাড়া ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রচারণা কার্যক্রম প্রাণবন্ত হয়ে ওঠে।