সাদিক কায়েম
এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন ডাকসু ভিপি সাদিক কায়েম।   ছবি: আরটিএনএন

সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিবাজদের ঠাঁই এই দেশে হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-৪ আসনে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিবাজদের ঠাঁই এই দেশে হবে না। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এমপি-মন্ত্রীরা শাসক নয়, সেবক হবেন। জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, সমাজে দুই ধরনের নেতা দেখা যায়। এক ধরনের নেতা কেবল কথা বলেন, কিন্তু কাজের কোনো মিল থাকে না। আরেক ধরনের নেতা কাজ করেন এবং আরও কাজ করতে চান। স্বাধীনতার ৫৪ বছরে যেসব নেতাকে আমরা নির্বাচিত করেছি তারা জনগণকে প্রতারিত করেছে। এবারের নির্বাচনে আর ভুল করা যাবে না। 

তিনি জনগণকে নিজের বিবেকের ভোট দিয়ে ‘ইনসাফের দল’ জামায়াতকে সমর্থন করার আহ্বান জানান।

সাদিক কায়েম আরও বলেন, বুকে পাথর চাপা দিয়ে একটি দল গণভোটে ‘হ্যাঁ’ বললেও পর্দার আড়ালে তাদের অবস্থান ‘না’ এর পক্ষে। তারা সংস্কার চায় না, তারা চায় দেশের মালিক হয়ে জনগণকে গোলামে পরিণত করতে।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন বলেন, জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন। বিভিন্ন বাধার পরও জনগণ থেকে দলকে বিচ্ছিন্ন করা যায়নি। তিনি অবহেলিত ঢাকা-৪ এলাকার সমস্যার সমাধানে সততা ও আন্তরিকতার ওপর জোর দেন। 

জয়নুল আবেদীন উল্লেখ করেন, গ্যাস সংকট, যাতায়াত ব্যবস্থা, ড্রেনেজ ও জলাবদ্ধতা এখানকার প্রধান সমস্যা।

সভায় ঢাকা-৪ আসনের ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।