বিএনপি, বহিষ্কার
দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ থাকায় বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।   ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তিন নেতাকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত তিনজন হলেন- বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বিশ্বজিৎ রাজবংশী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ থাকায় এবং তা প্রমাণিত হওয়ায় আপনাদের বোয়ালমারী উপজেলা বিএনপির সব পদবি থেকে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত ৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

সঙ্গে জেলা বিএনপির সকল স্তরের নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে, বহিষ্কৃত নেতাদের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক রাখা যাবে না।

রাতে বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন নেতাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।