বহুল আলোচিত ‘জুলাই সনদে’ অবশেষে স্বাক্ষর করল ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে আনুষ্ঠানিকভাবে জুলাই সনদে স্বাক্ষর করেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
জুলাই সনদ স্বাক্ষর করতে যমুনায় যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬ সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধি দলে ছিলেন- এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
এর আগে আইনি ভিত্তি ও সংস্কারের সুনির্দিষ্ট রূপরেখা নিয়ে ‘আপত্তির’কারণে জুলাই সনদে স্বাক্ষর করা থেকে বিরত ছিল এনসিপি। তবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এবং সংবিধান সংস্কারের লক্ষ্য পূরণে দলটি ঐতিহাসিক এই সনদে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট হয়। গণভোটে বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। ভোট পাওয়ার পরিমাণ যেখানে প্রায় দ্বিগুণ। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় রাষ্ট্রের মৌলিক সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের পথ খুলেছে।
জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তারা রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের অঙ্গীকার করে। এ লক্ষ্যেই ২০২৪ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে। এরপর আরও কয়েকটি খাতে সংস্কারের সুপারিশ করতে কমিশন করা হয়।
কমিশনগুলোর সুপারিশের মধ্য থেকে ১৬৬টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এরপর ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের দীর্ঘ আলোচনা শেষে ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। এগুলো নিয়ে তৈরি করা হয় জুলাই জাতীয় সনদ।
২০২৫ সালের ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরিত হয়। সেদিন এই সনদে সই করে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরাও এই সনদে স্বাক্ষর করেন। পরে আরও একটি দল সনদে সই করলেও এনসিপি করেনি। অবশেষে আজ সনদে সই করল নাহিদ ইসলামের নেতৃত্বাধীন এই দল।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!