নির্বাচন
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।   ছবি: আরটিএনএন

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, এখন পুরোনো আইনী বিতর্ক তুলে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়া স্পষ্টত জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করা। জুলাই সনদে প্রাপ্ত জনরায়কে উপেক্ষা করা। হাজারো মানুষের উৎসর্গিত জীবনের পাটাতনে দাড়িয়ে এই আচরণ বিএনপির কাছে প্রত্যাশিত ছিলো না। গণতান্ত্রিক উত্তোরণের প্রথম দিনেই বিএনপি জনরায়কে উপেক্ষা করার খারাপ দৃষ্টান্ত তৈরি করলো।

তিনি আরও বলেন, জুলাই সনদের ধারা-৮ এ পরিস্কারভাবে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা বলা হয়েছে এবং ধারা-৯ এ একই অনুষ্ঠানে একই ব্যক্তির কাছে শপথ নেয়ার কথা বলা আছে। এসব বিষয়ে আইনী নানা বিতর্ক থাকলেও বিএনপিসহ সকলেই সেই জুলাই সনদে সাক্ষর করেছে। এই সনদের ওপরেই গণভোট হয়েছে এবং তাতে জনগণ সায় দিয়েছে।

একই সাথে তিনি বিএনপির প্রতি আহবান জানিয়ে বলেন, সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোড়ে জনরায়কে উপেক্ষা করার পরিনতি কখনোই ভালো হয় না। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রাপ্ত সংখ্যাগরিষ্ঠতাকে যদি বিএনপি এভাবে ব্যবহার করে তাহলে দেশ আগের তিমিরেই ফিরে যাবে বলে আশংকা হচ্ছে। তাই অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জুলাই সনদের বাস্তবায়ন শুরু করুন।