তারেক রহমান ও ডোনাল্ড ট্রাম্প
তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চুক্তি বাস্তবায়নের তাগাদা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।   ছবি: আরটিএনএন

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল বুধবার (১৮ ফেব্রুয়ারি) তারেক রহমানের কাছে লেখা এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট দেশটির জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এই বিজয়ের শুভেচ্ছা ও সফলতা কামনা করেন।

চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে। পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকদের উপকারে আসবে।

বাণিজ্য চুক্তিতেই চিঠির ইতি টানেন নি ট্রাম্প। রাখঢাক না রেখে সামরিক চুক্তি বাস্তবায়নের তাগাদাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চিঠিতে তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবেন এবং বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সরঞ্জামের প্রবেশাধিকার নিশ্চিত করবেন। বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

চিঠিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন ট্রাম্প। এ ক্ষেত্রে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থার কথাও জানান তিনি।
আরবিএ/আরটিএনএন