নরসিংদী, জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী।   ফাইল ছবি

নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও হত্যার ঘটনা মানবতা, নৈতিকতা ও আইনের শাসনের ওপর চরম আঘাত। আমি নিহত কিশোরীর রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, এ নৃশংস ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধী—যাঁরা বিএনপি বা অন্য কোনো দলের হোক না কেন—দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধে কোনো রাজনৈতিক প্রভাব, সামাজিক চাপ বা আপস-মীমাংসার সুযোগ থাকা যাবে না। ধামাচাপা দেওয়ার চেষ্টা আরও বড় অপরাধ।

জুবায়ের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে এবং নরসিংদীর কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় ন্যায়বিচার, মানবাধিকার ও সামাজিক নিরাপত্তার পক্ষে সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।