জামায়াত, রাজশাহী
বাংলাদেশ জামায়াতে ইসলামী।   ফাইল ছবি

রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় মডেল মসজিদের মুয়াজ্জিন মো. আলাউদ্দিন নিহত হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত।

রোববার (৮ মার্চ) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান। 

বিবৃতি তিনি বলেন, ৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মো. আলাউদ্দিন ঈদের নামাজকে কেন্দ্র করে সন্তানদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাকবিতণ্ডা থামাতে গেলে হামলার শিকার হন। ঘটনার ফলে তিনি গুরুতর আহত হয়ে মারা যান।

জুবায়ের বলেন, একটি ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে সংঘটিত এই সহিংসতা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। মসজিদ মুসলমানদের ঐক্য ও শান্তির স্থান; সেখানে কোনো ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয়। 

তিনি আরও বলেন, নিহত মুয়াজ্জিন দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন এবং এলাকায় একজন ধর্মপ্রাণ ও সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দায়ীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে জামায়াত। পাশাপাশি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

এ দিকে পৃথক আরেক বিবৃতি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, শনিবার রাতে অনুষ্ঠিত একটি বৈঠককে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে সাঁকোয়া গ্রামের ঈদগাহ মাঠে বিএনপি-সমর্থিত সন্ত্রাসীরা হামলা চালায়। এ হামলায় গুরুতর আহত হয়ে জামায়াত কর্মী আলাউদ্দিন মৃত্যুবরণ করেন। একজন নিরীহ, ধর্মপ্রাণ মুসল্লিকে নির্মমভাবে হত্যার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক, মানবিক মূল্যবোধবিরোধী এবং গণতান্ত্রিক চর্চার সম্পূর্ণ পরিপন্থী। এমন সহিংসতা ও রক্তপাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্মীয় পরিবেশ ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করার এই ঘটনা গভীরভাবে উদ্বেগজনক। দেশে রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও প্রতিহিংসার অপসংস্কৃতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এ ধরনের নৃশংস হামলা শুধু আইনশৃঙ্খলার চরম অবনতিরই প্রমাণ নয়, বরং এটি সমাজে ভয়ভীতি, অস্থিরতা এবং বিভক্তি সৃষ্টির অপচেষ্টারও বহিঃপ্রকাশ। এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।

তিনি অবিলম্বে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একইসঙ্গে তিনি এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।