বিএনপি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।   ছবি: সংগৃহীত

গণভোটের রায়কে সম্মান দিতে হলে আগে সংসদে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, গণভোটের রায়কে সম্মান দিতে গেলে আগে সংসদে যেতে হবে। সেখানে আলোচনা শেষে সংবিধান সংস্কার ইস্যুতে সিদ্ধান্ত হবে। সে ক্ষেত্রে নতুন করে শপথ নিতে হলে সেটিও হবে নির্দিষ্ট কাঠামো মেনে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে দল মনে করে তাদের নির্বাচনে চক্রান্ত করে হারানো হয়েছে, তাদের সরকার গঠনের স্বপ্ন দেখাও নাজায়েজ। জুলাই জাতীয় সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারবদ্ধ। যারা সমালোচনা করেছেন, তারা নির্বাচনের পর স্বাক্ষর করেছেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সংবিধান মেনেই চলছে সরকার। গণভোটের রায়কে সম্মান দিতে চাইলে আগে সংসদে যেতে হবে। জুলাই সনদ অস্বীকার করে না বিএনপি; সেটি আমরা বাস্তবায়ন করব। বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে।

উপরাষ্ট্রপতির পদের ক্ষেত্রও তা বাস্তবায়ন করা হবে। অন্তর্বর্তী সরকার ছিল অধ্যাদেশ জারির সরকার। সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা ১০০টির বেশি অধ্যাদেশ বাধ্যগতভাবে উত্থাপিত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আগে সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত হবে। যতটুকু ঐকমত্য হয়েছে, ততটুকু বাস্তবায়ন করা হবে। সবার আলোচনার মাধ্যমেই সংবিধান সংশোধন হবে।