ভোলায় নারী কর্মী গ্রেপ্তারে নিন্দা ও মুক্তির দাবি
ভোলায় নারী কর্মী গ্রেপ্তারে নিন্দা ও মুক্তির দাবি।   ছবি: সংগৃহীত

ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশের অভিযোগে এক নারীকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতের মহিলা বিভাগ।

মঙ্গলবার (৭ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ভোলার বিবি সাওদা (৩৭) মহিলা বিভাগের একজন কর্মী। তাকে গেল ৫ এপ্রিল রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের জ্বালানি পরিস্থিতি ও রাষ্ট্রীয় বিষয়ে মতামত প্রকাশ করা হয় বলে অভিযোগ উঠেছে।

বিবৃতিতে বলা হয়, ভোলা সদর মডেল থানার আওতায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখার সাইবার অপরাধ তদন্ত ইউনিট তাকে গ্রেপ্তার করে। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে আদালতে পাঠানো হয় এবং তাকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়।

সংগঠনটির মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা বলেন, রাতের বেলায় একজন নারীকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা আইনসম্মত প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে নাগরিকদের গ্রেপ্তার করা গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের ঘটনা নারীর মতপ্রকাশের স্বাধীনতা ও অধিকার ক্ষুণ্ন করে এবং একটি ভীতিকর পরিস্থিতির ইঙ্গিত দেয়। সংগঠনটি এই ঘটনাকে সরকারের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছে।

একই সঙ্গে বিবি সাওদার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয় এবং দেশের সকল নারীর মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।