গণমাধ্যম, কর্মী,  বিসিবি, নির্দেশনা,
মাঠে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বিসিবির নতুন নির্দেশনা   ছবি: সংগৃহীত

নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের প্রবেশের ক্ষেত্রে নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন থেকে বিসিবির নির্ধারিত সূচি বা বিশেষ আমন্ত্রণ ছাড়া সংবাদকর্মীরা ইচ্ছেমতো স্টেডিয়াম প্রাঙ্গণে প্রবেশ করে পেশাগত কাজ করতে পারবেন না।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করা হবে এবং সংশ্লিষ্ট সবাইকে তা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

বিসিবির নতুন নির্দেশনা অনুযায়ী, মাঠে গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে সীমিত করা হয়েছে। এখন থেকে সংবাদকর্মীরা কেবল ১ নম্বর গেইট ব্যবহার করে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। তবে এই সুযোগও নির্দিষ্ট কিছু পরিস্থিতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ম্যাচ ডে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো কোনো অনুষ্ঠান কিংবা বোর্ডের পূর্বনির্ধারিত ট্রেনিং বা প্র্যাকটিস সেশন কাভার করার ক্ষেত্রেই কেবল গণমাধ্যমকর্মীরা স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাবেন। এসব নির্ধারিত কার্যক্রমের বাইরে সাধারণ দিনগুলোতে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বা বিসিবির কার্যালয়ে সংবাদকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিসিবির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্টেডিয়াম ও অফিস প্রাঙ্গণে নিরাপত্তা সংক্রান্ত সব বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করছে বোর্ড। সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি পুনর্বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ফলে এখন থেকে গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিসিবির নির্ধারিত নতুন প্রোটোকল অনুসরণ করা বাধ্যতামূলক হবে।

উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নেওয়ায় বর্তমানে মিরপুরের হোম অব ক্রিকেটে জাতীয় দলের কোনো ব্যস্ততা নেই। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পর পাকিস্তান সিরিজের মাধ্যমে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে একটি বিশেষ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিবি।