আর্সেনাল, চেলসি
দুটি শিরোপার দৌড় থেকে ছিটকে গেল আর্সেনাল। কারাবাও কাপ ফাইনালে ম্যানসিটির কাছে হারার পর এফএ কাপ কোয়ার্টার ফাইনালেও পরাজিত হলো তারা।   ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের কাপ ফুটবলে নাটকীয় এক দিন কাটল। একদিকে গোল উৎসবে সেমিফাইনালে উঠেছে চেলসি, অন্যদিকে চমকে দিয়ে বিদায় নিয়েছে আর্সেনাল।

আন্তর্জাতিক বিরতির আগে-পরে দুটি শিরোপার দৌড় থেকেই ছিটকে গেল আর্সেনাল। কারাবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হারের পর এবার এফএ কাপের কোয়ার্টার ফাইনালেও পরাজয় তাদের। সাউদাম্পটন ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়।

সেন্ট ম্যারিতে ম্যাচের শুরু থেকেই লড়াই জমে ওঠে। স্বাগতিকদের হয়ে প্রথম গোল করেন রস স্টুয়ার্ট। পরে আর্সেনালের হয়ে সমতা ফেরান ভিক্টর গিয়োকেরেস। তবে ম্যাচের ভাগ্য গড়ে দেন বদলি হিসেবে নামা শিয়া চার্লস। মাঠে নামার মাত্র ৯ মিনিটের মধ্যেই জয়সূচক গোল করে আর্সেনালের ট্রেবল স্বপ্ন ভেঙে দেন তিনি।

পুরো ম্যাচজুড়েই আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়ায়। মার্টিন ওডেগার্ড, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও কাই হ্যাভার্টজরা চেষ্টা করেও জয় এনে দিতে পারেননি আর্সেনালকে। গুরুত্বপূর্ণ সময়ে রক্ষণভাগের ভুলও বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

এই জয়ে সেমিফাইনালের টিকিট কাটল সাউদাম্পটন। ১৯৭৬ সালের ঐতিহাসিক শিরোপা জয়ের স্মৃতি সামনে রেখে এবারও চমক দেখানোর স্বপ্ন দেখছে তারা। অন্যদিকে টানা দুটি কাপ ম্যাচে হেরে আত্মবিশ্বাসে ধাক্কা খেল আর্সেনাল, যদিও প্রিমিয়ার লিগে শীর্ষে থেকে এখনো শিরোপার আশা বাঁচিয়ে রেখেছে।

অন্য ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে চেলসি। পোর্ট ভেইলকে ৭-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে উঠেছে তারা। টানা দুটি লিগ হার ও প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে ইউরোপীয় প্রতিযোগিতায় বড় পরাজয়ের পর এই জয় দলটির জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে।