খেলা, ফুটবল, নেইমার, ব্রাজিল, ব্রাজিল ফুটবল,
ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র।   ছবি: সংগৃহীত

বিশ্বকাপের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে ব্রাজিল। এই মার্চের আন্তর্জাতিক উইন্ডোই হতে যাচ্ছে বিশ্বকাপের দল নির্ধারণের শেষ মুহূর্ত, তাই এই দলের উপস্থিতিই ধরা হচ্ছে আসন্ন বিশ্বকাপের স্কোয়াড হিসেবে। আর সেই দলে এবার নেইমারের নাম নেই। ফলে ব্রাজিল তারকা ফুটবলারটির বিশ্বকাপের আশা এবার অনেকটাই ফিকে হয়ে গেছে।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সোমবার জানিয়েছেন, নেইমার এখনো পুরোপুরি ফিট নন। তাই এই মাসের দুটি প্রীতি ম্যাচে তাকে দলে রাখা হয়নি।

নেইমার ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে চারটি ম্যাচ খেলেছেন সান্তোস ক্লাবের হয়ে। তবে ২০২৩ সালের অক্টোবর মাসে গুরুতর হাঁটুর চোট পাওয়ার পর থেকে ব্রাজিল দলের হয়ে আর খেলতে পারেননি ৩৪ বছর বয়সী এই তারকা।

২৭ মার্চ বোস্টনে ফ্রান্স ও ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচেও নেইমার থাকবেন না। আনচেলত্তি সাংবাদিকদের বলেন, “তাকে ডাকিনি কারণ সে শতভাগ ফিট নয়। তবে চূড়ান্ত বিশ্বকাপ দলের জন্য সেটা আলাদা বিবেচনার বিষয়।”

চোটের কারণে ব্রাজিল দলে নেই রিয়াল মাদ্রিদের রদ্রিগো ও নিউক্যাসলের ব্রুনো গিমারেশ। অন্যদিকে, ১৯ বছর বয়সী এনড্রিক এক বছর পর দলে ফিরেছেন। রিয়াল মাদ্রিদ থেকে ধারে লিঁওতে যোগ দেওয়ার পর তার চমৎকার পারফরম্যান্স কোচের নজর কেড়েছে।

দলে দুই নতুন মুখও আছেন। ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার ইগর তিয়াগো এবং বোর্নমাউথের কিশোর রায়ান এবার প্রথমবারের মতো ব্রাজিল দলে সুযোগ পেয়েছেন।

ব্রাজিল ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ সি-তে তাদের প্রতিপক্ষ হাইতি এবং স্কটল্যান্ড। ২০০২ সালের পর প্রথমবার বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: আলিসন, বেন্তো, এদেরসন
ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ইবানেজ, লিও পেরেইরা, মারকিনিয়োস, ওয়েসলি
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, কাসেমিরো, দানিলো, ফাবিনিও, গ্যাব্রিয়েল সারা
ফরোয়ার্ড: এনড্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেলি, ইগর তিয়াগো, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, মাতেউস কুনিয়া, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র

আরবিএ/আরটিএনএন