খেলা, ক্রিকেট, পিএসএল, পেশওয়ার জালমি, শরিফুল ইসলাম, নাহিদ রানা,
বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় শরিফুল ইসলাম ও নাহিদ রানা।   ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের একাদশ আসরে এবার প্রথমবারের মতো ডাক পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এ নিয়ে পঞ্চম বাংলাদেশি হিসেবে এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেন তিনি। সব ঠিক থাকলে তিনি নাহিদ রানা সঙ্গে একত্রে খেলবেন পেশোয়ার জালমি-র হয়ে।

পেশোয়ার জালমি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে শরিফুলের ছবি পোস্ট করে জানিয়েছে, “দ্য হলুদ স্টর্ম তোমাকে পেয়ে আরও শক্তিশালী হলো। বাংলাদেশ এক্সপ্রেস এই বাঁহাতি পেসার হলুদ জার্সিতে পাকিস্তান সুপার লিগ মাতাতে প্রস্তুত। গতি, স্ট্রাইক ও ঝড়ের শক্তি– তোমাকে জালমি পরিবারে স্বাগতম।”

আগামী ২৬ মার্চ থেকে ৩ মে অনুষ্ঠিত হবে পিএসএলের একাদশ আসর। মুস্তাফিজুর রহমানের সঙ্গে লাহোর কালান্দার্সের জার্সি গায়ে নামবেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। এ ছাড়া রিশাদ হোসেন রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে এবং শরিফুল ইসলাম ও নাহিদ রানা পেশোয়ার জালমি হয়ে খেলবেন।

২৬ মার্চ হবে আসরের উদ্বোধনী ম্যাচ, যেখানে লড়বে লাহোর কালান্দার্স ও হায়রাবাদ হিউস্টন। অর্থাৎ প্রথম দিনেই মাঠে নামার সুযোগ পাবেন মুস্তাফিজ-ইমন। অন্যদিকে, ২৮ মার্চ প্রথম ম্যাচে খেলবেন রিশাদ, রানা ও শরিফুল। ওই ম্যাচে রানা ও শরিফুলের পেশোয়ার জালমি মুখোমুখি হবে রিশাদের রাওয়ালপিন্ডির। একইভাবে মুস্তাফিজ ও ইমনের লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচেও দেখা হতে পারে দুই দলের বাংলাদেশি সতীর্থদের।

পিএসএলের প্রথম রাউন্ডে প্রতিটি দল খেলবে ১০টি করে ম্যাচ। সেরা চার দল উঠবে কোয়ালিফায়ারে। এরপর হবে কোয়ালিফায়ার-১, দুটি এলিমিনেটর এবং ৩ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল। খেলা বাতিল হলে পরদিন রিজার্ভ ডে রাখা হয়েছে।

এবার পিএসএলে ৮টি দল অংশ নিচ্ছে, যেখানে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি – রাওয়ালপিন্ডি পিন্ডিজ ও হায়রাবাদ হিউস্টন যুক্ত হয়েছে। মোট ৩৯ দিনের এই প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে ৪৪টি ম্যাচ। পাকিস্তানের ছয়টি শহরে হবে খেলা – করাচি, লাহোর, মুলতান, পেশোয়ার, ফয়সলাবাদ ও রাওয়ালপিন্ডি। প্রথমবার পেশোয়ার ও ফয়সলাবাদে অনুষ্ঠিত হবে পিএসএলের ম্যাচ। লাহোরে আয়োজন হবে সর্বোচ্চ ১৫টি, রাওয়ালপিন্ডিতে ১১টি ও ফয়সলাবাদে ৭টি ম্যাচ।

আরবিএ/আরটিএনএন