রাত দেড়টায় হোটেলে অতিথি আনার অভিযোগ, ব্যাখ্যা দিলেন সিকান্দার রাজা,  খেলা, ক্রিকেট, সিকান্দার রাজা, পিএসএল, শাহিন আফ্রিদি, লাহোর কালান্দার্স, পাকিস্তান, বাংলাদেশ, জিম্বাবুয়ে, বিসিবি,
লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন সিকান্দার রাজা।   ছবি: সংগৃহীত

পিএসএলে করাচি কিংসের বিপক্ষে প্রায় জেতা ম্যাচ হারার পর নতুন বিতর্কে জড়িয়েছে লাহোর কালান্দার্স। দলটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও বিদেশি অলরাউন্ডার সিকান্দার রাজার বিরুদ্ধে নিরাপত্তা প্রোটোকল ভঙ্গের অভিযোগ উঠেছে।

পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসিরের কাছে দেওয়া এক অভিযোগপত্রে বলা হয়, অনুমতি ছাড়া রাত ১টা ২৫ মিনিটে চারজন বহিরাগতকে জোরপূর্বক খেলোয়াড়দের ফ্লোরে নিয়ে যান আফ্রিদি ও রাজা।

তবে এ ঘটনায় শাহিন আফ্রিদির সম্পৃক্ততা নাকচ করেছেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের এই অলরাউন্ডার বলেন, ‘শাহিন এমন কিছু করেনি। এটি খুবই সাধারণ বিষয়। যারা আমাকে দেখতে এসেছিল, তারা আমার পরিবারের সদস্য—আমারই রক্তের মানুষ। দীর্ঘ সময় লিগ খেলতে গিয়ে যখন পরিবারের বাইরে থাকতে হয়, তখন তারা সমর্থন দিতে এলে দেখা করার সুযোগ দেওয়া উচিত।’

রাজা দাবি করেন, তারা নিয়ম মেনেই অনুমতি চেয়েছিলেন। তার ভাষ্য, ‘আমরা যথাযথ অনুমতি নিয়েছি। বিষয়টি এমন নয় যে কাউকে গোপনে ভেতরে নেওয়া হয়েছে। যোগাযোগ কর্মকর্তার সঙ্গে কথা বলা হয়েছে, এমনকি ফ্র্যাঞ্চাইজির মালিকও বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা করেছেন। পরিবারকে কয়েক ঘণ্টার জন্য নিজের কক্ষে নিতে না পারা সত্যিই হতাশাজনক।’

অন্যদিকে, পাঞ্জাব পুলিশের ডেপুটি ইন্সপেক্টরের স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত শনিবার রাতে সিকান্দার রাজার পরিচিত চারজনকে খেলোয়াড়দের রুমে নেওয়ার চেষ্টা করা হয়। তবে পিসিবির নিরাপত্তা ব্যবস্থাপক ও পিএসএল সিইও নিরাপত্তার স্বার্থে ওই অনুরোধ দু’বার প্রত্যাখ্যান করেন।

এরপরও অভিযোগ রয়েছে, আফ্রিদি ও রাজা নিরাপত্তারক্ষীদের বাধা উপেক্ষা করে ওই চারজনকে হোটেলের কক্ষে নিয়ে যান, যেখানে তারা প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন।

এ বিষয়ে লাহোর কালান্দার্সের মিডিয়া প্রধান উমর ফারুক জানিয়েছেন, তারা ঘটনাটি সম্পর্কে অবগত এবং পিএসএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন।

এদিকে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পাঞ্জাব পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, চলতি পিএসএলের উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে শুরু করেছিল লাহোর কালান্দার্স। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ১২৮ রানে থেমে গেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের আশা জাগিয়েছিল দলটি। শেষদিকে নাটকীয় পরিস্থিতিতে ৩ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় করাচি কিংস।

আরবিএ/আরটিএনএন