মধ্যপ্রাচ্যে যুদ্ধ, শাহ আমানত বিমানবন্দর,  ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: শাহ আমানত বিমানবন্দরে ২১৮ ফ্লাইট বাতিল।   ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক মাসে ২১৮টি ফ্লাইট বাতিল হয়েছে । এতে  ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা রুটের এসব ফ্লাইট বাতিল করা হয়।

সোমবার (৩০ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, এদিনও ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।তবে এদিন মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে পাঁচটি আগমন ও চারটি বহির্গমন ফ্লাইট নিয়মিত চলাচল করেছে বলে জানায় বিমানবন্দর সূত্র । 

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং এয়ার আরাবিয়া-এর বিভিন্ন রুটের ফ্লাইট।

এদিকে কিছু ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকলেও সামগ্রিক পরিস্থিতি এখনো স্থিতিশীল হয়নি। বিশেষ করে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে অনিশ্চয়তা বজায় রয়েছে।

ফ্লাইট বাতিলের ফলে প্রবাসীরা সময়মতো কর্মস্থলে ফিরতে পারছেন না। অনেক যাত্রী দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করেও গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন, ফলে যাত্রীসেবায় মারাত্মক বিঘ্ন ঘটছে।