জ্বালানি তেল
জ্বালানি তেল মজুত ও পাচারের অভিযোগে এক ব্যবসায়ীকে কারাদণ্ড।   ছবি: আরটিএনএন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জ্বালানি তেল মজুত ও পাচারের অভিযোগে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, রাতের অন্ধকারে জ্বালানি তেল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) গভীর রাতে উপজেলার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী।

অভিযানে পল্লী বিদ্যুৎ এলাকার জ্বালানি তেল ব্যবসায়ী আবুল হোসেন এন্টারপ্রাইজের মালিকের ছেলে মো. আরিফ হোসেন (২৮) অবৈধভাবে ১ হাজার ৯৮০ লিটার অকটেন মজুত রাখার পাশাপাশি সুখাতি এলাকার মকসেদ এন্টারপ্রাইজের মালিক মকসেদ আলীর কাছে ৬৬০ লিটার অকটেন পাচারের চেষ্টা করেন।

এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত আরিফ হোসেনকে ১০ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে অসৎ উদ্দেশ্যে জ্বালানি তেল পাচারের দায়ে মকসেদ আলী (৩০)-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী বলেন, দেশে জ্বালানি তেলের সংকটপূর্ণ পরিস্থিতিতে প্রশাসন নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। কিন্তু একটি অসাধু চক্র অধিক মুনাফার আশায় তেল মজুত ও পাচারের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।

আটোয়ারী থানার ওসি মো. মতিয়ার রহমান জানান, উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে জব্দ করা জ্বালানি তেল আগামী শনিবার ন্যায্যমূল্যে বিক্রি করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।