খেলা, ক্রিকেট, বিসিবি, পিএসএল, মুস্তাফিজ, নাহিদ রানা, পারভেজ হোসাইন, রিশাদ হোসাইন,
বাম থেকে মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসাইন, পারভেজ হোসাইন ইমন ও নাহিদ রানা।   ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত ব্যস্ততা নেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের। সবাই এখন ঈদের ছুটিতে। এর মধ্যেই চলতি মাসে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল), যেখানে দল পেয়েছেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। তবে তারা আদৌ খেলতে পারবেন কি না—তা নির্ভর করছে বিসিবির ছাড়পত্রের ওপর।

এ বিষয়ে কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। তিনি জানান, সব দিক বিবেচনা করেই ক্রিকেটারদের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

তার ভাষায়, বাংলাদেশ দলের প্রয়োজনই থাকবে সবচেয়ে বেশি গুরুত্বে। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটের ক্ষেত্রে কোনো ধরনের আপস করতে চায় না বোর্ড। তবে যদি মনে করা হয় কোনো ক্রিকেটারের পিএসএলে খেলা তার টি-টোয়েন্টি দক্ষতা উন্নত করতে সহায়ক হবে এবং সেই জায়গায় দলের বিকল্পও রয়েছে, তাহলে তাদের ছাড় দেওয়ার সম্ভাবনা আছে।

নাজমুল আবেদীন বলেন, দেশের ক্রিকেটের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পিএসএলকে তিনি একটি ভালো প্রতিযোগিতা হিসেবেও উল্লেখ করেছেন। সেখানে খেলতে পারলে বাংলাদেশের ক্রিকেটাররা আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে এবং আরও পরিণত হয়ে উঠতে পারে বলেও মনে করেন তিনি।

তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি। খুব শিগগিরই এ ব্যাপারে পরিষ্কার ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, সম্প্রতি শেষ হওয়া পাকিস্তান সিরিজ নিয়েও কথা বলেন নাজমুল আবেদীন। তিনি এটিকে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং সিরিজ হিসেবে উল্লেখ করে বলেন, দলের র‍্যাংকিং এবং সামনে ওয়ানডে বিশ্বকাপে খেলার পূর্বশর্তের বিষয়টি মাথায় রেখে এই সিরিজটি ছিল গুরুত্বপূর্ণ।

তবে সিরিজ জিতলেও ছোট্ট আক্ষেপ রয়ে গেছে তার। তিনি বলেন, যদি বাংলাদেশ ৩–০ ব্যবধানে জিততে পারত, তাহলে র‍্যাংকিংয়ে অবস্থান আরও উন্নত হতে পারত। তারপরও বর্তমান র‍্যাংকিংয়ে চারে থাকা পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন পারফরম্যান্সকে তিনি সন্তোষজনক বলেই মনে করেন।

আরবিএ/আরটিএনএন